একাত্তরের মানবতাবিরোধী অপরাধী পলাতক রাজাকার জাহিদ হোসেন খোকনের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। দ্রুত দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সবার প্রতি আহ্বান জানায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। একইসঙ্গে, কামারুজ্জামানের রায় কার্যকরে কালক্ষেপণ না করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধী পলাতক রাজাকার জাহিদ হোসেন খোকনের সর্বোচ্চ শাস্তির দাবিতে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার খবর পাওয়া মাত্রই উচ্ছ্বাস প্রকাশ করেন মঞ্চের নেতাকর্মীরা। বের হয় আনন্দ মিছিল।
বিদেশে পালিয়ে থাকা খোকন রাজাকারকে দেশে ফিরিয়ে মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানায় মঞ্চ।
মঞ্চের অভিযোগ, অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য, কামারুজ্জামানের রায়ের কার্যকার নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিভ্রান্তি মিথ্যা প্রমাণের জন্য সরকারের প্রতি আহ্বানও জানানো হয়।
এদিকে, খোকন রাজাকারের ফাঁসির আদেশে স্বস্তি প্রকাশ করেছেন তার নিজ এলাকা নগরকান্দা ও ফরিদপুরের মানুষ। রায় ঘোষণার পরই মিছিল করে আনন্দ প্রকাশ করেন তারা। আনন্দ মিছিল বের হয় দেশের অন্যান্য জায়গায়ও। এ মানবতাবিরোধী অপরাধীকে দ্রুত খুঁজে বের করে রায় কার্যকরের দাবি জানান এলাকাবাসী।
রায় ঘোষণার পরই নগরকান্দা এলাকায় আনন্দ মিছিল বের করে মুক্তিযোদ্ধা ও স্থানীয় এলাকাবাসী। পরে, একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন তারা।
এদিকে, খোকন রাজাকারের মৃত্যুদণ্ডের রায় শুনে আনন্দ মিছিল ও সমাবেশ করা হয় ময়মনসিংহে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজন করে।
পলাতক খোকন রাজাকারকে দ্রুত খুঁজে বের করে রায় কার্যকর করার দাবি জানান তারা।