রাষ্ট্র ও রাষ্ট্রের প্রতিনিধিদের দ্বারাই মানবাধিকার লঙ্ঘিত হয়ে থাকে বেশি— উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বেশি অভিযোগ আসে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আইন ও সালিশ কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লোকবলের স্বল্পতার কারণে সবক্ষেত্রে কাজ করতে পারছে না মানবাধিকার কমিশন—এ কথা উল্লখ করে ড. মিজান বলেন, লোকবল বৃদ্ধির পাশাপাশি মানবাধিকার কমিশনের আইনেরও পরিবর্তন করতে হবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, দুঃখজনক হলেও আমরা এমন একটি সমাজে রয়েছি, যেখানে অপরাধীরও যে মানবাধিকার আছে—এ সত্যটা মানতে চাই না।
এদিকে, দেশের কিছু কিছু বিষয়ে মানবাধিকার কমিশন শুধু উদ্বেগ প্রকাশ করেছে তবে জোরালো কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
রাষ্ট্রই পারে মানবাধিকার কমিশনকে আরো শক্তিশালী করতে পারে— এমন মন্তব্য করেন সুলতানা কামাল বলেন, কিছু কিছু জায়গায় মানবাধিকার কমিশনকে আরো জোরালো ভূমিকা নিতে হবে।
এশিয়ান এনজিও নেটওয়ার্কের সদস্য হিসেবে প্রতিবছর বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম ও ভূমিকার ওপর একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র।