রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষককে কারা, কী কারণে হত্যা করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সময়ের ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘আমরা বিস্মিত হয়েছি ও হতবাগ হয়েছি। আমরা আশা করছি যে, যে কোনো মূল্যে এ হত্যাকাণ্ডের আসল আসামিকে ধরতে পারবো। আইনশৃঙ্খলা বাহিনীরা কাজ করছে। বিভিন্ন বিষয় তাদের তালিকাতে রয়েছে তাই জোড় গলায় বলতে পারি খুব দ্রুতই আমরা আসামিকে ধরতে পারবো।’
এদিকে, পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা আছে কি-না, তা খতিয়ে দেখতে আগামীকাল (সোমবার) ভারতীয় গোয়েন্দা সংস্থার ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা আসছেন বলেও জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল।