১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত সামরিক বাহিনীতে কয়টি বিদ্রোহ বা অভ্যূত্থান হয়েছে এবং এতে ঠিক কতো জনের প্রাণহানী ঘটেছে তার সঠিক কোনো পরিসংখ্যান সংসদে দিতে পারেননি সরকারের এ সম্পর্কিত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
বুধবার জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে করা এক প্রশ্নের জবাবে তার পক্ষে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান- সে সময় কোনো সংসদ ছিল না, ছিল না কোনো জবাবদিহিতা। ফলে সে সময় ঘটে যাওয়া যাবতীয় অভ্যূত্থান, সামরিক হত্যার কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকাটাই স্বাভাবিক।
অনেকদিন আগে সংঘটিত এসব ঘটনাবলীর তথ্য এক করা সময়সাপেক্ষ ব্যাপার বলেও জানান তিনি।
এদিকে, সংসদ অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, যুদ্ধাপরাধীদের মতো একাত্তরে পাকিস্তানীদের সহায়তাকারী রাজাকার, আলবদর, আল-শামসদের তালিকা প্রকাশের কাজ চলছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পূর্ণাঙ্গ তালিকা না থাকলে ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে।