আগামী ২৬ নভেম্বর সার্কের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বিদ্যুৎ খাতে সহযোগিতাসহ ৩টি চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করবে। আন্তঃবাণিজ্য প্রসারের ওপরও গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ২৬-২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
এ এইচ মাহমুদ আলী বলেন, সার্ক সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দেবে বাংলাদেশ।
আন্তঃবাণিজ্য প্রসারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে— উল্লেখ করে মন্ত্রী বলেন, সদস্য দেশগুলোর মধ্যে মটর ও পণ্যবাহী যান চলাচল, রেল যোগাযোগ স্থাপন এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা বিষয়ক ৩টি চুক্তি সাক্ষরের সম্ভাবনা রয়েছে।
এছাড়া যুবশক্তির উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, সন্ত্রাস মোকাবেলা, নারীর ক্ষমতায়ন, তথ্য-প্রযুক্তি, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে।