একটি সুশৃঙ্খল, দক্ষ, আধুনিক সশস্ত্র বাহিনী গড়ার লক্ষ্যে যা যা করা দরকার বর্তমান সরকার তার সবই করছে এবং করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৫ পরবর্তী সরকারগুলোর মুক্তিযুদ্ধবিরোধী আচরণের কারণেই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট রুগ্ন হয়ে পড়েছিল। আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি ট্রাস্টকেও গতিশীল করা হয়েছে।
মুক্তিযোদ্ধাদের বীর সন্তান অভিহিত করে শেখ হাসিনা আরো বলেন, সঠিক মর্যাদায় প্রতিষ্ঠিত করার পাশাপাশি তাদের অবদানের সর্বোচ্চ স্বীকৃতি দিতে সরকার কাজ করছে। পঁচাত্তর পরবর্তী সরকারগুলোর মুক্তিযুদ্ধবিরোধী আচরণের কারণেই মুক্তিযোদ্ধারা অবহেলিত হয়েছেন।
পরে বিকালে সেনাকুঞ্জে রাজনীতিক, কূটনীতিক, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ সমাজের বিশিষ্টজনদের সংবর্ধনা অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা।
এ সময় বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।