জাতিসংঘের সাউথ-সাউথ পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার ছেলে সজীব ওয়াজেদ জয় নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ‘গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো-২০১৪’ এর ৫ দিনব্যাপী সম্মেলনের শেষ দিন শুক্রবার এ পুরস্কার গ্রহণ করেন তিনি।
ডিজিটাল ব্যবস্থায় বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নেয়া এবং শিক্ষার প্রসারে ভূমিকা রাখার জন্য শেখ হাসিনাকে ‘সাউথ-সাউথ কো-অপারেশন ভিশনারি’ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে জয় তার মা শেখ হাসিনার লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি পদক নেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ইপিং ঝু’র হাত থেকে।
প্রধানমন্ত্রীপুত্র তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শেখ হাসিনা প্রশাসনের নেতৃত্বে আজ বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এই অ্যাওয়ার্ড তারই স্বীকৃতি।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘে ‘হাই লেভেল কমিটি অন সাউথ-সাউথ কো-অপারেশন’র প্রেসিডেন্ট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন।
অনুষ্ঠান বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিনও ছিলেন অনুষ্ঠানে।
পুরস্কার তুলে দেয়ার সময় বলা হয়, শেখ হাসিনার সরকার বাংলাদেশে তৃণমূলে তথ্য প্রযুক্তি প্রসার, সার্বজনীন শিক্ষাব্যবস্থার প্রবর্তন, সর্বসাধারণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সমাজে অবহেলিত মানুষের জীবনমানের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অগ্রগতি এবং সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে উপস্থাপন করেছন।
‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’ (ওএএস) এবং জাতিসংঘের ‘সাউথ সাউথ কো-অপারেশন’ কার্যালয় যৌথভাবে ২০০৮ সাল থেকে প্রতিবছর ‘গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো’ আয়োজন করে।
রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ এবং প্রযুক্তিগতভাবে দক্ষিণের দেশগুলোর সামগ্রিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা দিগন্ত বিস্তৃত করার লক্ষে ২০০৮ সালে জাতিসংঘে সাউথ সাউথ কো-অপারেশন কার্যালয় প্রতিষ্ঠা হয়।