দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউভুক্ত ১৬৬টি দেশের কোনো প্রশ্ন নেই বলে জানিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত সভাপতি সাবের হোসেন চৌধুরী।
স্থানীয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশ মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে সাবের হোসেন বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার নিয়েও কোনো দেশ প্রশ্ন তোলেনি। দেশে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা সক্রিয় থাকায় সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের প্রার্থীকে আইপিইউর ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত করেছে বলেও জানান তিনি।
এটি বাংলাদেশের বর্তমান সংসদীয় গণতন্ত্রের একটি বিশাল স্বীকৃতি— উল্লেখ করে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন বা সিপিএর চেয়ারম্যান পদে বাংলাদেশের শিরীন শারমিন চৌধুরীর নির্বাচিত হওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন আইপিইউ সভাপতি।