শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজশাহীর বিভাগীয় কমিশনার, সিলেটের বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারের সঙ্গে ভিডিও করফারেন্সে এ নির্দেশ দেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রের চেয়ে অছাত্রের সংখ্যাই বেশি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
গত বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষ নেতা-কর্মীদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারান সুমন চন্দ্র দাস (২২) নামের ছাত্রলীগের এক কর্মী। এর পরিপ্রেক্ষিতে আজ প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ সদস্যসহ আহত হন কমপক্ষে ২৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে ১৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশ রাবার বুলেটে আহত। সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
সুমন চন্দ্র দাস সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামেরচর গ্রামের হরিধন দাসের ছেলে তিনি।
তিনি মৌলভীবাজার, পাবনা ও সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন বিষয়ে সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছে সেসব সম্পর্কে জেলা প্রশাসকদের কাছে জানতে চান শেখ হাসিনা।