আইনি জটিলতার কারণেই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে হাইকোর্টের নির্দেশনা রয়েছে, তিনি এখনো একজন সংসদ সদস্য সেটিও সত্য। স্পিকারের অনুমতি ছাড়া একজন সংসদ সদস্যকে গ্রেপ্তার করা যায় না।
তবে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই দাবি করে মন্ত্রী বলেন, 'তাকে গ্রেপ্তারে আইনী জটিলতা আছে। এরচেয়ে বেশি আমি জানি না।'
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়।
তার ওই বক্তব্য প্রতিবাদে আলোচনার ঝড় উঠে। এরপর বিভিন্ন জেলায় দুই ডজনের বেশি মামলা হয় লতিফের বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি ও ২৫ অক্টোবর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি দেয়া হয়।
আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মন্তব্য করার পর থেকে দেশের বাইরে অবস্থান করছিলেন তিনি। রোববার রাতে লতিফ সিদ্দিকী দেশে ফেরেন। কিন্তু বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়নি।