যত্রতত্র রাস্তা পারাপার বন্ধে রাজধানী বেশ কয়েকটি জায়গায় অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ঢাবা মহানগর পুলিশের -ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার হোসেনের নেতৃত্বে কারওয়ান বাজার মোড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। দুপুর সোয়া ১টা পর্যন্ত ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ব্যস্ত প্রধান সড়ক দিয়ে রাস্তা পারাপারের সময় ১০৯ জন পথচারীকে জরিমানা ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিভিন্ন পরিমাণে জরিমানা করছে এ আদালত।
সকাল ৯টা থেকে বাংলামটর মোড়ে ডিএমপির আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুসের নেতৃত্বে অভিযান চালায় অরো একটি ভ্রাম্যমাণ আদালত।
দুপুর ১২টা পর্যন্ত এই আদালতে জরিমানা করা হয় ৮৬ জন পথচারীকে।পরে দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে সরোয়ার হোসেনের ভ্রাম্যমাণ আদালত ফার্মগেটে অভিযান চালিয়ে ৩৪জনকে জরিমানা করেন। এই আদালত চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য বাংলামটর থেকে ফার্মগেট পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন অমান্য করে প্রধান সড়ক দিয়ে রাস্তা পারাপারের সময় পুলিশ সদস্যরা পথচারীকে ধরে আদালতে হাজির করছেন। এরপর আদালত জরিমানা করছেন দোষী ব্যাক্তিকে।
এ অভিযানে কেবল আর্থিক জরিমানা করা হলেও সড়ক পারাপারে নিয়ম ভঙ্গকারীর জন্য ছয় মাসের কারাদণ্ডেরও বিধান রয়েছে।
ফুটওভার ব্রিজ ব্যবহার না করে পথচারীদের যখন তখন পারাপার ঠেকাতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত বসানোর সিদ্ধান্ত নেয় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
গত শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান, কমিশনার বেনজির আহমেদ।
তিনি বলেন, নিয়ম না মেনে রাস্তা পারাপার ঠেকাতে ২৫ নভেম্বর রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত বসানো হবে। সেই ঘোষণা অনুযায়ী পথে নেমে আদালত।
মঙ্গলবার সকাল থেকে ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসচেতনতা বাড়াতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ এ অভিযান শুরু করে। রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, বাংলামটর এবং ফার্মগেট এলাকায় এ অভিযান চলছে।
গত ২২ নভেম্বর থেকে শুরু হওয়া জনসচেততনতামূলক এ ক্যাম্পেইন আজ শেষ হবে। যারা নিয়ম না মেনে যত্রতত্র রাস্তা পার হচ্ছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে।