আগামী ১৫ ডিসেম্বর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘বেতন ও চাকরি কমিশন-২০১৩’ প্রতিবেদন দাখিল করা হবে— উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, কমিশনে প্রতিবেদন প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব পে-স্কেল বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
এ মুহূর্তে সঞ্চয়পত্রের সুদের হার বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই— মন্তব্য করে মন্ত্রী বলেন, তবে ব্যাংক রেট কমে যাওয়ার কারণে সঞ্চয়পত্রের সুদের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের যৌক্তিকতা সরকার পরীক্ষা করে দেখছে।
এ সময় অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে অর্থ পাচার রোধে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সার্বক্ষণিকভাবে কার্যকর রয়েছে। তবে বাংলাদেশ হতে এ পর্যন্ত কি পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার তথ্য বিএফআইইউতে নেই।
এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক সম্পাদনের চেষ্টা অব্যাহত আছে— মন্তব্য করে তিনি আরো বলেন, সমঝোতা স্মারক সম্পাদিত হলে অর্থ পাচার সম্পর্কিত তথ্য পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।