ষাট বছর ও তার বেশি বয়সীদের দেশের জ্যেষ্ঠ নাগরিক ঘোষণা করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, যারা এ সমাজ গড়েছেন তাদের শেষ জীবন স্বস্তিময় করতে সন্তানদেরই দায়িত্ব নিতে হবে।
বৃহস্পতিবার বিশ্বপ্রবীন দিবস উপলক্ষে রাজধানীতে সমাজ কল্যান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় সরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে প্রবীনদের সেবায় এগিয়ে আসার আহবান জানান রাষ্ট্রপতি।
আদমশুমারির তথ্য অনুসারে ১৯৭৪ সালে দেশে ৬০ বছরের অধিক প্রবীনদের সংখ্যা ছিল প্রায় ৪০ লাখ ৫৬ হাজার। ১৯৯১ সালে এসে এটি পৌঁছে ৬০ লাখ ৪৫ হাজারে। আর ২০১১ সালে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়ায় এক কোটিতে।
তবে বর্তমানে মোট জনসংখ্যার ১ কোটি ৩০ লাখই প্রবীন নাগরিক। আগামী ২০২৫ সালে এদের সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৮০ লাখে। তবে তাই নয় আগামী ২০৫০ সালে এদেশের প্রায় ২০% নাগরিকই হবেন প্রবীন।
পরিবারে প্রবীনরা যেন স্বত্তিময় ও নিরাপদদের সঙ্গে থাকতে পারেন সেজন্য সন্তানদেরকে ভরণ পোষণের দায়িত্ব নেয়ার আহবান জানান আবদুল হামিদ।
বয়স্কদের প্রতি সম্মান দেখানোর ঐতিহ্যের কথা মনে করিয়ে দিয়ে নবীনদের রাষ্ট্রপতি প্রবীনদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নেয়ারও আহবান জানান।
আবদুল হামিদ বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে প্রবীনরা নিজ পরিবারেই ক্ষমতা ও সম্মান হারিয়ে একাকিত্ব জীবনযাপনে বাধ্য হচ্ছেন।