গ্যাস ও বিদ্যুতের কয়েকটি প্রকল্প এবং স্টেডিয়াম, হাসপাতালসহ অন্যান্য আরো কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করতে শনিবার হবিগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪ বছর পর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রং-বেরঙের তোরণ, ব্যানার আর ফেস্টুনে সেজে উঠেছে হবিগঞ্জ শহরের প্রধান সড়কগুলো। বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শোভা পাচ্ছে অসংখ্য গেইট।
সফরে বিবিয়ানা গ্যাস সম্প্রসারণ প্রকল্পের উচ্চচাপ পাইপ সঞ্চালন লাইন, বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট ১ ও ৩ প্রকল্প, স্টেডিয়াম, ডায়াবেটিক হাসপাতালসহ প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।
এছাড়া, ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টসহ আরও কিছু প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। নব নির্মিত বিবিয়ানা গ্যাস সম্প্রসারণ প্রকল্প থেকে ৪ হাজার ইউনিট গ্যাস নতুন করে যোগ হলে সারা দেশের ৮০% গ্যাসের চাহিদা পুরণ করবে এ প্ল্যান্ট।
ওইদিন বিকেলে নিউ ফিল্ড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। জনসভা উপলক্ষে জোর প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা।