অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে সকাল পৌঁনে ১২টায় ঢাকা পৌঁছান তিনি।
নেপালের স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান নেপালের উপ-প্রধানমন্ত্রী প্রকাশ মান সিং। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে গত মঙ্গলবার সার্ক সম্মেলনে যোগ দিতে নেপাল যান তিনি। বুধবার কাঠমাণ্ডুর 'রাষ্ট্রীয় সভা গৃহে' দুই দিনব্যাপী সার্কে ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সার্কের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের উপস্থিতিতে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে গঠিত হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। ১৯৮০ সালে এ বিষয়টি প্রথম উত্থাপিত হয়।
১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় সার্ক।
পরে নতুন করে আফগানিস্তান সার্কের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করায় সার্কের সদস্য দেশ এখন ৮টি।