জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নেতৃত্বের অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়াল। শুক্রবার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং-বিপসট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নিশা দেশাই বলেন, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী দেশ বাংলাদেশ। শান্তিরক্ষা মিশনে কাজ করতে গিয়ে নিহত বাংলাদেশিদের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
এছাড়া শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও এসময় জানান নিশা দেশাই।
এর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিপসটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিকেলে বিরোধী দলের নেতা রওশন এরশাদ, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।
এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি নেতা ও তৈরি পোশাক শিল্পের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।