মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও বিচারের রায় কার্যকর প্রক্রিয়া যেন বিলম্বিত না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেমন। রোববার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্রী পার্টির সভাপতি প্রয়াত আহমেদুল কবীর ও প্রয়াত মো. নূরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
চলমান যুদ্ধারপরাধীদের বিচারের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বিচার কাজ ও রায় কার্যকরের ক্ষেত্রে বিলম্ব হলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়।
যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে দেশের বাইরে অর্থ ব্যয় করছে জামাত বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অভিযোগ করেন, জিয়াউর রহমানই প্রথম দেশে ছাত্র রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্র করেন।
দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারে সফলতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই এসব অর্জন সম্ভব হয়েছে।