ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সাধারণ মানুষের এক হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও আরো ১৩টি প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে সদস্যদের ও জনগণের বিভিন্ন অঙ্কের অর্থ আত্মসাৎ করে সমবায় অঙ্গনের বদনাম করেছে।
রোববার জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে অংশ নিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
চার দিন বিরতির পর বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে শুরু হয়। দিনের কার্যসূচিতে থাকা প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সরকার দলীয় সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ জানান, অর্থ আত্মসাতের এসব ঘটনার তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে দায়িত্বে অবহেলার জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে।
এলজিআরডি মন্ত্রী বলেন, ডেসটিনি মালটিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সাধারণ মানুষের এক হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৯৫২ টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও ডেসটিনিসহ আরো ১৩ প্রতিষ্ঠান এক হাজার ৪৭১ কোটি ৬ লাখ ৭৯ হাজার ২৫৫ টাকা।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- পপুলার মাল্টি পারপাস ৭ কোটি ৭৬ লাখ, অগ্রণী বহুমুখী সমবায় সমিতি ৫ কোটি ৭৩ লাখ, ম্যাক্সিম মাল্টি পারপাস ১ কোটি ১ লাখ আত্মসাৎ করেছে।
এছাড়া গোসাইল ডাঙ্গা ফুটন্ত কলি বহুমূখী সমবায় সমিতি, জাগ্রত মাল্টি পারপাস, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমিতি, দোভাসীবাজার ব্যবসায়ী সমিতি, চামুদরিয়া মাল্টিপারপাস, রূপালী বহুমূখী সমবায় সমিতি, শাহরাস্তি যুব উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি, ফরিদগঞ্জ প্রদীপ বহুমূখী সমবায় সমিতি, ফারইস্ট ইসলামী কো-অপারেটিভ সোসাইটি ও আল ইনসাফ মাল্টিপারপাস।
দেশে শিক্ষিত বেকার সাড়ে ১৯ লাখ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সংসদকে জানিয়েছেন, পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, দেশের শিক্ষিত যুবক ৩ কোটিরও বেশি। এছাড়াও দেশে বর্তমানে সাড়ে ১৯ লাখ শিক্ষিত বেকার রয়েছে।
সংরক্ষিত মহিলা আসনের আমিনা আহমেদের লিখিত প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লেবার ফোর্স সার্ভে ২০১০ অনুসারে বর্তমানে দেশে শিক্ষিত যুবকের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার।
এরমধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার। তিনি জানান, প্রতি বছর প্রায় ২২ লাখ যুবক ও যুব মহিলা শ্রমবাজারে প্রবেশ করে। বেকারত্ব দুরীকরণ ও কর্মসংস্থানের জন্য সরকারের নেয়া পদক্ষেপও তুলে ধরেন তিনি।