বৈদেশিক অনুদান নেয়ার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামুলক করে ও সেবার নামে জঙ্গিদের অর্থায়ন এবং নারী-শিশু পাচারে কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে বৈদেশিক অনুদান রেগুলেশন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ায়ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে নতুন বছরের দিকনির্দেশনা ছাড়াও যুদ্ধাপরাধীদের বিচারের অগ্রগতি, আর্থ-সামাজিক উন্নয়নসহ রূপকল্প ২০২১ লক্ষ্য অর্জন ও ডিজিটাল বাংলাদেশ গঠনের বিষয় থাকবে।
এছাড়া, মন্ত্রিসভা দেশের এনজিওগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আইন তৈরির খসড়ায় অনুমোদন দিয়েছে। খসড়ায় এনজিও ব্যুরোর নিবন্ধন ছাড়া নতুন এনজিও করা, অনুমোদন ছাড়া কোনও প্রকল্প বা বিদেশি নাগরিকদের চাকুরি দেয়া, বৈদেশিক অনুদান নেয়ার ক্ষেত্রে নিয়ম রাখা হয়েছে। জঙ্গি বা কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড করলে ওই এনজিওর বিরুদ্ধে অপরাধ আইনে শাস্তির কথা বলা হয়েছে।