দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে তিন দিনের সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে গুরুত্ব পাচ্ছে জনশক্তি রপ্তানি ও বাণিজ্য।
এই সফরে চুক্তি হতে পারে শ্রমশক্তি রপ্তানির বিষয়ে কুয়ালালামপুরের সঙ্গে একটি দ্বিপাক্ষিক প্রটোকলসহ ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে। পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা নিয়েও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
সোমবার স্থানীয় সময় বিকেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন আবদুল রাজাকের আমন্ত্রণে ৩ দিনের সফরে রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী। এসময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার মানবসম্পদ উপমন্ত্রী এবং সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার।
এর আগে, বাংলাদেশ বিমানের একটি ভিআইপি ফ্লাইটে সকাল সোয়া ১০টা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ তিন বাহিনীর প্রধানগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এই সফরে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে। মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক প্রটোকলও স্বাক্ষরের কথা রয়েছে।
এছাড়াও বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ বিষয়ক সংলাপে আংশ নিবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন ব্যবসায়ীদের সঙ্গে। ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বেশ কয়েকটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
পর্যটনমন্ত্রী, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।