শারীরিক ও মানসিক প্রতিবন্ধীকে কোনো রকম অবহেলা না করে তাকে সহযোগিতা করতে হবে— উল্লেখ করে প্রতিবন্ধীদের পুনর্বাসনে বিত্তবান-হৃদয়বান বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা হোসেন পুতুল।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কনফারেন্স রুমে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ‘মেন্টাল ওয়েলবিয়িং, ডিজএ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট : টুয়ার্ড অ্যাকসেসিবল অ্যান্ড ইনক্লুসিভ সাসটেনেইবল ডেভেলপমেন্ট গোলস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্যানেল বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
বুধবার নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে প্রাপ্ত এক বার্তায় এ কথা বলা হয়।
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়- উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা পুতুল বলেন, তারা আমাদেরই সন্তান, তাদের অবহেলার দৃষ্টিতে দেখার কোন সুযোগ নেই।
তিনি বলেন, প্রতিবন্ধীদের সাধারণ মানুষের মত বাঁচার অধিকার রয়েছে। তাদের সমস্যা দূরীকরণে পারিবারিক পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক মহলের বিশেষ মনোযোগই মূল হাতিয়ার।
সেমিনারে পুতুল প্রতিবন্ধীদের পুনর্বাসনে বাংলাদেশ সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ও অসামর্থবানদের পুনর্বাসনে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন নানা পদক্ষেপ নিয়েছে।
তারমধ্যে এ প্রতিবন্ধীদের চিহ্নিতকরণ, তাদের কাউন্সিলিং প্রদান, তাদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা ও কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ নানা পদক্ষেপ রয়েছে।
অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনসহ বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ছাড়াও কূটনীতিকগণ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস