বিশেষ যত্ন, শিক্ষা আর প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারলে প্রতিবন্ধীদেরকেও দক্ষ মানব সম্পদে পরিণত করা সম্ভব- বলে জানালেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার ২৩তম আন্তর্জাতিক আর ১৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, অবহেলা না করে ভালবাসা আর শিক্ষা দিয়ে তাদেরকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে।
আলোচনায় আবদুল হামিদ প্রতিবন্ধীদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে পারলে তাদের কর্মসংস্থানের পথ সুগম হবে।
বিশ্বখ্যাত প্রতিবন্ধী ব্যক্তিদের দৃষ্টান্ত টেনে তিনি বলেন, দৃঢ় মনোবল আর অধ্যবসায়ের বলে প্রতিবন্ধকতাকে জয় করতে হবে।
আলোচনা শেষে দর্শক সারিতে বসে প্রতিবন্ধী শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতি।
এদিকে, দিবসটি সামনে রেখে মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ৮ দিনব্যাপী মেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।