হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যর্ত্থনা জানিয়েছেন।
শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন তিনি।
ভূটানের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী রয়্যাল ভুটানিজ এয়ারলাইন্সের ‘ড্রুক এয়ার’এর একটি বিমান আজ সকাল নয়টা দুই মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান থেকে নামার পর নয়টা বারো মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের ভিভিআইপি ট্যারম্যাকে শেরিং টোবগেকে অভ্যর্ত্থনা জানান। এ সময়ে একটি ছোট্ট শিশু ভূটানের প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেয়।
বিমানবন্দরে পৌঁছার পর তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল শেরিং টোবগেকে গার্ড অব অনার প্রদান করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাথে নিয়ে ভুটানের প্রধানমন্ত্রী একটি সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন। পরে তিনি গার্ড পরিদর্শন করেন। এসময়ে দুদেশের জাতীয় সংগীত বাজানো হয়।
পরে প্রধানমন্ত্রী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা তাঁর মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে শেরিং টোবগের পরিচয় করিয়ে দেন। ভুটানের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গীদের সঙ্গে শেখ হাসিনার পরিচয় করিয়ে দেন।
বিমানবন্দরে এ সময়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও কেবিনেট সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
তিন বাহিনীর প্রধানগণ ছাড়াও বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রেস সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ক’টনৈতিক কোরের প্রধান, ঢাকায় নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
বিমানবন্দরে উষ্ণ অর্ভ্যত্থনা শেষে ভূটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং স্বাধীনতার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সূত্র বাসস।