দেশের বিচার বিভাগ দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এ মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, বাংলাদেশের পুলিশ পুরোপুরি রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে গেছে। যদি পুলিশ কমিশন গঠন করা না হয়, পুলিশ নিয়ন্ত্রণে আলাদা আইন করা না হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।
আকবর আলী বলেন, পুলিশের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে, তারা যত মামলায় অভিযোগপত্র দেয়, তার ২৩-২৪ শতাংশ দোষী সাব্যস্ত হয়। এ পরিসংখ্যানে মামলার এজাহার যুক্ত করা হয়নি। এজাহার হিসাব করলে দেখা যাবে, ১০ শতাংশ মামলায়ও দোষী সাব্যস্ত হয় না। এ থেকেই বোঝা যায়, দেশ দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
বাংলাদেশে এখনো ব্রিটিশ আইনিব্যবস্থা প্রচলিত, যা অত্যন্ত ত্রুটিপূর্ণ— এ কথা উল্লেখ করে আকবর আলি খান বলেন, এ আইনিব্যবস্থা ঢেলে সাজানোর উচিত।
শুধু সংবিধান সংশোধন করলে এ আইনিব্যবস্থার পরিবর্তন হবে না বলে মত দেন আকবর আলী খান।
মামলা নিস্পত্তি করার ক্ষেত্রে তথ্য প্রকাশ করার সংস্কৃতি চালু করার মতামত রেখে আকবর আলি খান বলেন, মামলা দায়ের থেকে নিস্পত্তি হওয়া পর্যন্ত বিভিন্ন তথ্য প্রকাশ বিচরকদের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি করবে। যা বিচার ব্যবস্থায় একটা শুভ ফল বয়ে আনবে বলে মত দেন তিনি।
এজন্য দ্রুত দেশের ফৌজদারি আইন- বিশেষ করে পুলিশ-আইনে ব্যাপক পরিবর্তন এনে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তারা।
নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকিকরণ বিষয়ে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে" পৃথকীকরণের সাত বছর" শীর্ষক এক মুক্ত আলোচনার আয়োজন করে স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার সংগঠন, শিক্ষক, ছাত্র, ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ।
দেশের অনেক আইন যুগপোযোগী নয় মন্তব্য করে বক্তারা বলেন, সাধারণ মানুষ এখন ন্যায় বিচার পায় না।
গণতন্ত্র দৃঢ় ভিত্তি না পেলে প্রকৃত প্রস্তাবে বিচার বিভাগ কখনোই আলাদা হবে না বলেও মন্তব্য করেন জ্যেষ্ঠ জেলা জজ ইশতিয়াক হোসাইন।
দেশে আইনের শাসন নেই বলে সরকারের সমালোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত কমিউনিস্ট পার্টি হাসান তারিক চৌধুরী ও বিএনপি নেতা নাসিরুদ্দিন আহমেদ অসীম।
দেশের ক্রান্তিলগ্ন থেকে দেশকে মুক্ত করতে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ বক্তারা।
ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, আইনের শাসন ও গণতান্ত্রিক চর্চা না থাকলে বিচারকগণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।
মিজানুর রহমান খান বলেন, বিচার বিভাগ পৃথকীকরণের ৭ বছর পূর্ণ হলেও মাসদার হোসেন মামলায় পৃথকীকরণের সুপারিশগুলো আজও বাস্তবায়িত হয়নি। তার প্রবন্ধে বিচার বিভাগ পৃথকীকরণে ৯টি সুপারিশ করেন তিনি।