বাংলাদেশে তৈরি পোশাক শিল্প ধ্বংসে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ব্যাপারে পোশাক মালিক, শ্রমিক, বিদেশি বায়ার ও ভোক্তা সকলকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা অ্যাপারেল সামিট-২০১৪ এর শুভ উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ, তাই এটি অনেকের পছন্দের নয়— দেশি বিদেশি অনেকেই এটি বন্ধের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে, এজন্য এক্ষেত্রে সবার সতর্ক হওয়া প্রয়োজন।
বিশ্ববাজারে টিকে থাকতে হলে পোশাক খাতে উৎপাদনশীলতা বাড়াতে হবে নকশায় নতুনত্ব আনতে হবে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থা টিকিয়ে রাখতে বিজিএমইএকে আরো উদ্যোগী হতে হবে আর এ ক্ষেত্রে সরকার সবসময় তাদের পাশে রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের প্রায় ২০% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে এ শিল্পের সঙ্গে। ৯০ দশক থেকে এ খাত গিয়ে যাচ্ছে। এ খাতের পাশে সরকার সবসময় থেকেছে এবং থাকবে। এ খাতে সাহায্য-সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। বিশ্বব্যাপী রপ্তানি কমলেও আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে বলে জানান শেখ হাসিনা।
মুন্সিগঞ্জে একটি গার্মেন্ট ও ইকোনোমিক জোন তৈরির উদ্যোগ নেয়া হয়েছে—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শ্রমিকদের কল্যাণে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে, পোশাক শ্রমিকদের বেতন ৩ গুণ বাড়ানো হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে শিল্পপুলিশ গঠন করা হয়েছে। বিজিএমইএকে সার্টিফিকেট অব অরিজিন ইস্যু করার ক্ষমতা দেয়া হয়েছে। বিজিএমইএ ইউনিভার্সিটি ফ্যাশন অ্যান্ড টেকনোলজি চালু করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
নতুন করে আবার সরকার গঠন করার পর পোশাক খাত উন্নয়নে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। তারমধ্যে আয়কর কমানো হয়েছে এবং আমদানি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও নগদ সহায়তা প্রদান ছাড়াও শ্রম আইনকে যুগপোযাগী করা হয়েছে।
তিন দিনব্যাপী এ সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় ৪৪টি ব্র্যান্ডের প্রতিনিধিরা অংশ নিচ্ছে।
কোনো অর্ডার নয় বরং তৈরি পোশাকখাতকে ব্র্যান্ডিং করাসহ কর্ম পরিবেশের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত কীভাবে করা যায় সেজন্যই মূলত এ সামিটের আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন-বিজিএমইএ-এর আয়োজনে তিনদিন ব্যাপী 'ঢাকা অ্যাপারেল সামিট-২০১৪ শুরু হলো।