প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে তাদেরকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইব এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিশ্ব দুর্নীতি দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
এসময় প্রশাসনে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ইফতেখারুজ্জামান।
সেইসঙ্গে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরো শক্তিশালী করাসহ সরকারিভাবে দুর্নীতি বিরোধী দিবস পালনেরও তাগিদ দেয়া হয়। আর তরুণ প্রজন্মকে দুর্নীতি প্রতিরোধ আন্দোলনে এখনই সম্পৃক্ত করা দরকার বলে মনে করেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থীরা।
দুর্নীতি বিরোধী কনভেনশনে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়— উল্লেখ করে তিনি দুদককে আরো শক্তিশালী করারও আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, দেশে দুর্নীতি আরো প্রকট আকার ধারণ করার আগে তরুণ প্রজন্মকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।
প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ছাড়াও শিক্ষা খাতের দুর্নীতি প্রতিরোধকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুমাইয়া খায়ের।