সীমাবদ্ধতা সত্ত্বেও দুর্নীতিমুক্ত দেশ গড়তে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন চুপ্পু।
মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
উদ্দেশ্যমূলক সমালোচনা না করে দুদককে শক্তিশালী কমিশন করতে গঠন সমালোচনা করার আহ্বান জানান চুপ্পু। তিনি আরো বলেন, দারিদ্রমুক্ত দেশ গড়াসহ সব উন্নয়নে দুর্নীতি একটি বড় বাধা।
দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দুর্নীতিই আমাদের দেশের উন্নয়নের পথে প্রধান বাধা-- তাই দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে সর্বপ্রথম দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে।
দুর্নীতি প্রতিরোধে আরো কার্যকর ভূমিকা রাখতে দুর্নীতি দমন কমিশনকে স্বচ্ছ ও গতিশীল হওয়ার পরামর্শও দেন তিনি। আর গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, টিআইবি কারও এজেন্ডা বাস্তবায়ন করছে।
তিনি আরো বলেন, দুর্নীতি নিয়ে টিআইবি'র সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন উদ্দেশ্যমূলক।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের ভূমিকার প্রসংশা করে তিনি দাবি করেন, পদ্ম সেতু, হলমার্ক ও রানা প্লাজার দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক সফল হয়েছে।
আলোচনায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দুদককে আরো গতিশীল হওয়ার পরামর্শ দেন।
দুর্নীতির মামলায় চার্জশিট ও প্রসিকিউশনের দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রে বিচারপতিদের পক্ষে সঠিক রায় দেয়া সম্ভব হয় না বলে জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খয়রুল হক।
এর আগে সকালে দুদক কার্যালয় থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের র্যা লি বের করা হয়। র্যা লিটি মৎস্যভবন ও প্রেসক্লাব ঘুরে দুদক কার্যালয়ের সামনে শেষ হয়।