পিরোজপুরের কচা নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের জন্য চুক্তি সাক্ষরিত হল। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক এবং চীনা দূতাবাসের ইকোনোমিক এন্ড কমার্সিয়াল কাউনসিলর ওয়াং জিজিয়ান নিজ নিজ পক্ষে চুক্তিটি সই করেন।
চুক্তি সাক্ষরের পরে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ সেতু নির্মিত হলে বরিশাল-খুলনা মহাসড়কে সরাসরি যানবাহন চলাচল করতে পারবে। সেতু নির্মানে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা।
এর মধ্যে চীন প্রায় ৮০০ কোটি টাকা অনুদান হিসেবে দিবে— মন্তব্য করে সেতু মন্ত্রী বলেন, সেতু নির্মানের পাশাপাশি দুই পাশে ১৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
২০১৬ সালের জানুয়ারিতে শুরু হয়ে ৩ বছরের মধ্যে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মান কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে বলেও জানান তিনি।