মৌলবাদের বিরুদ্ধে আদর্শগত সংগ্রাম না থাকলে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের গীতিকার কলামিস্ট-সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী।
শুক্রবার বাংলা একাডেমিতে ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে দেয়া জাতীয় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতি উর্দুর বিরুদ্ধে লড়াই করে হিন্দির খপ্পরে পড়েছে— উল্লেখ করে তিনি বলেন, বাংলা ভাষার ব্যবহারিক মূল্য বাড়েনি। দেশকে এগিয়ে নিতে মৌলবাদের বিরুদ্ধে সকলকে কাজ করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা ফোনে তাকে জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানান। এ সময় বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাকে।
অনুষ্ঠানে গাফফার চৌধুরীর লেখনীর আলোকে জাতিকে আলোকিত করার আহ্বান জানান বক্তারা।