সুন্দরবনের শ্যালা নদীর তেল অপসারণে সরকার এখনই রাসায়নিক ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
রোববার দুপুরে সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সমস্যা সমাধানে শিগগিরই দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে— উল্লেখ করে উপমন্ত্রী বলেন, তাদের দিক নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাসায়নিক ব্যবহারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ঘটনার পরপরই ওই এলাকায় যান চলাচল বন্ধ রাখতে একাধিকবার পরামর্শ দেয়া হলে তা আমলে নেয়নি নৌ-মন্ত্রণালয়।
এছাড়া, সংকট সমাধান না হওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে বলেও জানান জ্যাকব।
ভয়াবহ বিপর্যয়ের পরও সুন্দরবনের ভেতর দিয়ে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না নৌ চলাচল। শ্যালা নদীতে নৌযান চলাচল আপাতত স্থগিত থাকলেও ওই অঞ্চলের মূল রুট মংলা-ঘোষিয়া চালু না হওয়া পর্যন্ত তা স্থায়ীভাবে বন্ধ হবে না। সুন্দরবনের শ্যালা নদীর তেল অপসারণে এখনই রাসায়নিক ব্যবহার করা হবে না। ওই এলাকার মানুষদের জন্য ১ মাস পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আর প্রকৃত আর্থিক ক্ষতি নির্ধারণ করার পরেই দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। দু'দফা আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে শেষে রোববার এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, সভায় সিদ্ধান্ত হয় সার্বিক তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি ঊচ্চপর্যায়ের টিম কাজ করবে। এছাড়া ওই এলাকার প্রাণবৈচিত্র্য রক্ষায় মেডিকেল টিম গঠন, প্রতি লিটার তেল ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকায় কেনার সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে।
শ্যালা নদীতে তেল ট্যাংকার ডুবে পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের ক্ষতিগ্রস্ত অবস্থা আর এক্ষেত্রে করণীয় নিয়ে সকালে পরিবেশ ও বন মন্ত্রণালয় আয়োজনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় মন্ত্রী অভিযোগ করেন, ওই এলাকায় নৌযান চলাচল বন্ধ রাখতে একাধিকবার পরামর্শ দেয়া হলেও তা আমলে নেয়নি নৌ-মন্ত্রণালয়। এর পরপরই একই বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করে নৌপরিবহন মন্ত্রণালয়।
বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অভিযোগের জবাব দেন।
গোপালগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার ভোর ৫টার দিকে 'টোটাল' নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় 'সাউদার্ন স্টার-৭' নামের ট্যাংকারটির একপাশের খোল ফেটে যায় এবং সেটি ডুবতে শুরু করে।