কেরানীগঞ্জের রাজউকের ঝিলমিল প্রকল্প এলাকা থেকে এক হাজার কোটি টাকা ব্যয়ে রাজধানীর শান্তিনগর পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সূত্র বাসস।
মন্ত্রী বলেন, এ ফ্লাইওভার নির্মিত হলে রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন ও আরো সহজ হবে।
রোববার সকালে কেরানীগঞ্জের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল প্রকল্প এলাকার উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ-(পিপিপি) ভিত্তিতে ঝিলমিল প্রকল্প এলাকা থেকে শান্তিনগর পর্যন্ত ১৩ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হবে । ২০১৯ সালের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রকল্প পরিচালকসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
গণপূর্ত মন্ত্রী বলেন, রাজউকের ঝিলমিল প্রকল্প এলাকাকে একটি আধুনিক সবুজ শহর হিসেবে গড়ে তোলা হবে। ৩৮১ একর একর জায়গা গিয়ে গঠিত রাজউকের এই প্রকল্প এলাকায় ১হাজার ৭০০ প্লট রয়েছে। এরমধ্যে এক তৃতীয়াংশ প্লট তাদের মালিকদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে যারা একাধিক প্লট পেয়েছেন তাদের বরাদ্দ বাতিল করা হবে এবং এ লক্ষে রাজউক কাজ করছে।
মন্ত্রী বলেন, সরকার এখন থেকে আর প্লট না দিয়ে স্বল্প আয়ের লোকদের মধ্যে ৮০০ থেকে ৪০০০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করে বরাদ্দ দিবে। সরকার রাজধানীর আশ-পাশে এক হাজার একর জমি পেলে নতুন আরো প্রকল্প গ্রহণ করবে সাংবাদিকদের বলে মন্ত্রী জানান ।
এ সময় মন্ত্রীর সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি, গৃহায়ন ও গণপূর্ত সচিব মঈন উদ্দিন আহমদ, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহীন, রাজউকের চেয়ারম্যান জিএম জয়নাল আবেদিন ভুইয়াসহ রাজউকের কর্মকর্তাবৃন্দ।