পাকিস্তানের দালালরা যেন ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষকে হত্যা করতে না পারে- সে ব্যাপারে সতর্ক থাকতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
বিএনপি-জামাত যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশে হত্যা, গুম হয়েছে এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে খুনের রাজত্ব কায়েম করা, অন্ধকারের দিকে ঠেলে দেয়া, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই ছিল বিএনপির একমাত্র লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, ‘ওই পাকিস্তানের দালাল তারা যেন আর কোনো দিন বাংলাদেশের মানুষকে হত্যা করতে না পারে, আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। আমরা যে যুদ্ধাপরাধীর বিচার শুরু করা হয়েছে, এ বিচারের রায় যেন কার্যকর করা যায় তার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করা হচ্ছে। কারণ খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায় তার জন্যই আন্দোলন হুমকি দিয়ে যাচ্ছেন। এই আন্দোলনে জনগণ সাড়া দেবে না। এ পতাকা নিয়ে আমরা আর কাউকে ছিনিমিনি খেলতে দেবো না।’