বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৫ সালের হজে যেতে সর্বনিম্ম খরচ হবে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা বলে জানিয়েছেন এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। সোমবার নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলন বেসরকারি হজ প্যাকেজের এ ঘোষণা দেন তিনি।
কুরবানির টাকা এ প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়-এ কথা উল্লেখ করে বাহার বলেন, চলতি মৌসুমে মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রীর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। সরকারিভাবে ১০ হাজার হজযাত্রী, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
গত বছর হাজীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে-- ওইসব এজন্সিগুলো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এর দায়ভার সরকারের।
গত সোমবার হজ প্যাকেজ ২০১৫'র খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বেসরকারিভাবে হজ প্যাকেজ ২০১৫ ঘোষণা করা হয়।