সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র সালাম দেয় তিন বাহিনীর চৌকষ দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর একে একে শ্রদ্ধা জানান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। পরে ঢল নামে সাধারণ মানুষের।
কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এরপর স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদল জাতীয় পার্টির নেতৃবৃন্দ। শহীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।