সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে গত ৫ বছরে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি কর্মী কাজের জন্য বিদেশে গেছেন এবং এ সময়ে আগের তুলনায় বেশি রেমিটেন্স দেশে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মালয়েশিয়ার শ্রম বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে অবৈধ পথে শ্রমিক যাওয়ার বিষয়ে মনিটরিং জোরদার করা হচ্ছে। বর্তমান সরকারের নানা পদক্ষেপ এর কারণে এ সাফল্য।
কয়েকটি দেশের শ্রমবাজার এখনও বিশৃংখল অবস্থায় রয়েছে-- এ কথা উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজারের বিষয়ে সরকারের পদক্ষেপ আরো শক্ত হবে।
তিনি আরো বলেন, বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে ১৫৮টি মামলা করেছে প্রবাসী কল্যান মন্ত্রণালয়। এর মধ্যে ১১৬টি মামলার নিস্পত্তি হয়েছে। প্রবাসীদের সুরক্ষা এবং বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের সঠিকভাবে পাঠাতে আন্তরিক রয়েছে সরকার।
এদিকে, ‘নিরাপদ অভিবাসন, দিন বদলের লক্ষ্য অর্জন’ এ প্রতিপাদ্য নিয়ে ১৮ ডিসেম্বর সারাবিশ্বের মত বাংলাদেশেও উদযাপন করা হবে আন্তর্জাতিক অভিবাসী দিবস। এজন্য দুই দিনব্যাপী কর্মসূচি পালন করবে সরকার।
উল্লেখ্য, সরকারি হিসেবে গত পাঁচ বছরে বিশ্বের ১৬০টি দেশে কাজের জন্য প্রায় ২০ লাখ কর্মী পাঠানো হয়েছে। বিএনপি-জামাত জোট সরকারের ৫ বছরে বিদেশ যাওয়া কর্মীদের চেয়ে এ সংখ্যা ৬ লাখ বেশি। এ বিশাল জনশক্তি রপ্তানির ফলে গত ৫ বছরে রেমিটেন্স প্রবাহ ছিল ৬১.৯০ বিলিয়ন মার্কিন ডলার। যা বিএনপি-জামাত সরকারের সময় থেকে ৪৩.৫৪ বিলিয়ন মার্কিন ডলার বেশি।