রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ছয় দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়া দিল্লি পৌঁছেছেন। প্রায় তিন দশকের মধ্যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফর।
বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা পৌনে ১টায় রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি ইন্ধিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। পরে মোটর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় দিল্লির রাষ্ট্রপতি ভবনে।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নয়া দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার সঙ্গে রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে বৈঠক করবেন আবদুল হামিদ। পরে প্রণব মুখার্জীর দেওয়া নৈশভোজেও অংশ নেবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ এমন এক সময় ভারত সফর করছেন, যখন স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে একটি বিল ভারতীয় পার্লামেন্টে প্রক্রিয়াধীন।