অনেক ইস্যুতে মতভিন্নতা থাকলেও যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
দুই দেশের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলেও বিশ্বাস করেন মজীনা। রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি সম্পূর্ণ মায়ানমারের হাতে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এ ইস্যুতে যুক্তরাষ্ট্র সরকার নিজের অবস্থানে অটল থাকবে।
এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন মজীনা। সাক্ষাত শেষে সাংবাদিকদের রাষ্ট্রদূত আরো বলেন, এ দেশের শিল্প খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অব্যাহত থাকবে।
এছাড়া, তৈরি পোশাক শিল্প, শ্রমিক অধিকার, ইপিজেড, ওষুধ শিল্প নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।