সারাদেশে সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কগুলোতে চলা নসিমন, করিমন এবং ইজিবাইকের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীতে দীর্ঘ আড়াই বছর পর জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২২তম সভা শেষে এসব সিদ্ধান্তের কথা বলেন তিনি।
পাশাপাশি রাজধানীকে যানজট মুক্ত রাখতে ফুটপাতের সকল অবৈধ স্থাপনা এবং অবৈধ রিকশা চলাচল পর্যায়ক্রমে বন্ধ করা হবে বলেও জানান তিনি।
আগামী তিন মাসের মধ্যে ঢাকায় ২০টি বাস, সড়ক নিরাপত্তা বিধান অনুমোদন, মহাসড়কের নিরাপত্তায় নিসমন-ইজিবাইকের বিরুদ্ধে অভিযান অব্যাহতসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
সভায় রাজধানীসহ সারাদেশের যানজট ও দুর্ঘটনা রোধে ফুটপাথ দখলমুক্ত করা, অবৈধ রিকশা ও নসিমন-করিমন চলাচল বন্ধ এবং গাড়ি পার্কিং ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমদ ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
এ সময় রাজধানীর যানজট নিরসনে রাজধানীর মগবাজার ফ্লাইওভার প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দীর্ঘ আড়াই বছর পর অনুষ্ঠিত হলো জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা। ২২তম এ সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, বিআরটিএ-র চেয়ারম্যান, ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক, ডিএমপি কমিশনার ও নাগরিক প্রতিনিধিসহ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা অংশ নেন।