সোনালী ব্যাংকের ৯টি শাখা থেকে জালিয়াতির মাধ্যমে সাত হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংকটির স্থানীয় শাখার তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের উপ-পরিচালক মীর জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন, সোনালী ব্যাংক স্থানীয় শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা জাহাঙ্গীর হেলাল, কর্মকর্তা (আমদানি শাখা) মো. মোশাররফ হোসেন ও নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
১৪ ডিসেম্বর ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ দেয় দুদক।
এর আগে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান করছে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীনের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল।
ব্যাংকটির যে ৯টি শাখা থেকে জালিয়াতির অভিযোগ উঠেছে সেগুলো হলো : মতিঝিলে অবস্থিত বৈদেশিক বাণিজ্য শাখা, লোকাল অফিস, বঙ্গবন্ধু অ্যাভিনিউ করপোরেট শাখা, তৎকালীন হোটেল শেরাটন করপোরেট শাখা, আগারগাঁও শাখা, গুলশান শাখা, চট্টগ্রামের লালদীঘি করপোরেট শাখা, আগ্রাবাদ করপোরেট শাখা ও নারায়ণগঞ্জ করপোরেট শাখা।