জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বুধবার রাজধানীর বকশীবাজার এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে বকশীবাজারের অস্থায়ী আদালতের আশেপাশে সকাল থেকেই অবস্থান নিতে শুরু করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে খালেদা জিয়ার গাড়িবহর আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের উদ্দেশ্যে রওনা দেয়ার খবরে বেলা সোয়া ১২টার দিকে মিছিল শুরু করে নেতাকর্মীরা। এ সময় ছাত্রদল কর্মীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
দুই পক্ষের সংঘর্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর, চানখারপুল ও বকশীবাজারসহ পুরো এলাকায় ছড়িয়ে পরে। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করে।
সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। চিকিৎসার জন্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, পুলিশ জানিয়েছে, তদন্তের পর জড়িতদের সম্পর্কে জানা যাবে।