ঢাকার অদূরে সাভারের 'রানা প্লাজা' ধসের ঘটনায় দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তৃতীয়বারের মতো আবারো পেছানোর হয়েছে।
বুধবার হত্যা ও ইমারত নির্মাণ আইনে করা দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ঠিক করা ছিল।
দুপুরে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে সময় আবেদন করা হয়। সময় আবেদনের শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম আগামী ১ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেছেন।
এর আগে গত ৬ নভেম্বর এবং ১৮ সেপ্টেম্বর এ দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তা দেয়া হয়নি।
অবহেলাজনিত হত্যা ও ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে দুটি মামলা করা হয়।
উল্লেখ, গতবছর ২৪ এপ্রিলে ঢাকার অদূরে সাভার বাসস্ট্যান্ডের কাছে ধসে পড়ে 'রানা প্লাজা'। এ ঘটনায় এক হাজারের বেশি তৈরি পোশাক শ্রমিক নিহত হন।