সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় বিএনপির গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে জমা দেয়া হয়েছে। এদিকে, জাতিসংঘের প্রতিনিধিদল এখনো তাদের তদন্ত করে যাচ্ছে। আগামী বুধবার এ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
কমিটির প্রধান সাবেক পানিসম্পদমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ গতকাল বুধবার রাত ১২টার দিকে প্রতিবেদনটি খালেদা জিয়ার কাছে জমা দেন।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান।
তিনি বলেন, আগামীকাল শুক্রবার বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটির বিষয়ে জানানো হবে।
ট্যাংকার ডুবির ঘটনায় ২০ ডিসেম্বর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেন খালেদা জিয়া। কমিটির প্রধান করা হয় হাফিজ উদ্দিন আহমেদকে। কমিটির অন্য সদস্যরা হলেন সুন্দরবন রক্ষা কমিটির সভাপতি শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সাবেক সাংসদ নজরুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি আবদুস সালাম ও পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী।
৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী একটি জাহাজ ডুবে যায়। এতে সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে। ঘটনার ১১ দিন পর তদন্ত কমিটি করে বিএনপি।
বিএনপির সূত্র জানায়, কমিটির সদস্যরা সুন্দরবন এলাকায় গিয়ে সেখানকার পরিবেশ বিপর্যয় ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছেন। এ ছাড়া এ ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখেছেন তারা।