খ্রিস্টান ধর্মাবলম্বীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি ও তার স্ত্রী খ্রিস্টান সংগঠনের নেতা বিভিন্ন চার্চের প্রধানসহ খিষ্ট্রভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের খ্রিস্টানগণ শিক্ষা, মানবতা ও সেবাসহ সমাজের বিভিন্ন কাজে যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। সেইসঙ্গে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
এদিকে, বড় দিন উপলক্ষে যিশুখ্রীস্টের জন্মস্থান জেরুসালেমের বেথলেহেমে সমবেত হয়েছেন শত শত মানুষ। ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে সমবেত হন হাজার হাজার ধর্মানুরাগী।
খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বড় দিন উপলক্ষে বিশেষ ভাষণে অন্ধকার ও অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করতে জীবনে ঈশ্বরকে গ্রহণ করার জন্য বিশ্বের ১২০ কোটি রোমান ক্যাথলিকের প্রতি আহ্বান জানান।
ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরুর আগে ইরাকের ইরবিলের কাছে আনকাওয়া শরণার্থী শিবিরে টেলিফোন করে শরণার্থীদের সঙ্গে কথা বলেন পোপ ফ্রান্সিস।
তিনি তাদের বাড়িঘর থেকে আইএস জঙ্গিদের বিতাড়ন করার আহ্বান জানান।
শরণার্থীদের পোপ বলেন, তারা প্রভু যিশুর মতোই। কারণ তারাও অত্যাচারের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে।
এ সময় তাদেরকে বড় দিনের শুভেচ্ছাও জানান পোপ।