তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার জনজীবন। পঞ্চগড়, কুড়িগ্রাম ও দিনাজপুরসহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের অধিকাংশ সময়ই দেখা মিলছে না সূর্যের। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বাড়িয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, শিশু আর ছিন্নমূল মানুষেরা। বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ।
হাড় কাঁপানো শীতে কাজে যেতে পারছেন না দিনমজুররা। ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ফেরি চলাচল।
তীব্র শীতের কারণে দুপুরের পরেই ফাঁকা হয়ে যাচ্ছে হাটবাজারগুলো। ঘন কুয়াশায় সন্ধ্যার আগেই অন্ধকার হয়ে আসছে চারপাশ।
গত কয়েকদিন ধরেই সূর্যের দেখা মিলছে না পঞ্চগড়রসহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কনকনে শীতে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। যশোরের নিক্সন মার্কেটসহ বিভিন্ন বিপনী বিতানে দেখা দিয়েছে শীতের পোশাক কেনার ভীড়।
এদিকে, ঠাণ্ডার কারণে বাড়ছে কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগের প্রকোপ।