সড়ক দুর্ঘটনায় বিদ্যমান আইনের ধারা পরিবর্তন করে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার মহানগর নাট্যমঞ্চের বশিরউদ্দিন মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ষষ্ঠ মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তিও বাড়ানো হবে এবং দুর্ঘটনা রোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। এক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে।
তিনি আরো বলেন, সবার সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, আইনের সংস্কার প্রাসঙ্গিক, সড়ক দুর্ঘটনার বিষয়টি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে।
মহাসমাবেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, দুর্ঘটনার জন্য দায়ী সবাইকে কঠোর আইনের আওতায় আনতে হবে।
মহানগর নাট্যমঞ্চের বশিরউদ্দিন মিলনায়তনে বিভিন্ন জেলা শহর থেকে আসা ৮০টিরও বেশি শাখার সদস্যরা এতে অংশ নেন।