তথ্য গোপন ও বিকৃত করার চিরাচরিত ধারা ভাঙার ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ‘বিদেশি ও স্বৈরশাসকরা তথ্য গোপনের যে দুষ্কর্ম যুগ-যুগ ধরে গড়ে তুলেছে, তা ভাঙতেই তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। এর মধ্যদিয়েই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে।’
রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন : বাংলাদেশের সুশীল সমাজ সংক্রান্ত সংগঠনসমূহের অনুধাবন ও চর্চা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাংলাদেশ শ্রমকল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় ক্যাপাসিটি বিল্ডিং সার্ভিস গ্রুপ (সিবিএসজি) এ কর্মশালার আয়োজন করে।
ঔপনিবেশিক ও পাকিস্তানি শাসকদের তথ্য গোপন ও বিকৃতির অপচেষ্টার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের সামরিক শাসকরা তাদের স্বার্থেই সেক্রেসী এ্যাক্টে’র নামে তথ্য গোপনে অতীতের ধার অব্যাহত রেখেছিল।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তথ্য ধামাচাপা দেয়ার দেয়াল ভেঙে দিতে তথ্য অধিকার (আরটিআই) আইন প্রণয়ন করেছে। এ আইনের ব্যাপক প্রয়োগ ঘটাতে হবে। তৃণমূল পর্যায়েও এ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে উৎসাহ যোগাতে হবে।’
হাসানুল হক ইনু বলেন, গোষ্ঠী ও ব্যক্তি শাসনের পরিবর্তে আইনের শাসন ব্যবস্থা কায়েমের অন্যতম পন্থা হচ্ছে গণতন্ত্র। এজন্যই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার বিষয়ে সকলকে আরো যতœবান ও মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্ব প্রদান করেন।
সিবিএসজি’র মহাসচিব জিএম কামরুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে সিবিএসজি’র প্রধান নির্বাহী ওবায়দুর রহমান এবং স্টাডি টিম লিডার জয়ন্ত রায় বক্তৃতা করেন।
তথ্যমন্ত্রী কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের তথ্য অধিকার আইন জেনে তা সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
বিশেষ করে শ্রমজীবী মানুষ সঠিক মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার পাচ্ছে কিনা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি বরাদ্দের বণ্টন এবং খাস জমি বিতরণ আইনসিদ্ধ হচ্ছে কিনা তা জানার জন্যই তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের ব্যাপারে তিনি জনগণসহ এনজিও ও গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সেশনে অধ্যাপক ড. সাদেকা হালিম, বাংলাদেশ শ্রমকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফ উদ্দীন মুকুট এবং অধ্যাপক ড. রহমত উল্লাহ রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন। সূত্র বাসস।