আন্দোলনের নামে বিএনপির সহিংস কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনে কঠোর হবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবনে জেএসসি জেডিসি-পিএসসি এবং বই উৎসবের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
নোয়াখালীতে নারী স্কুল শিক্ষকের হত্যাকাণ্ড এবং ঢাকায় অপর এক নারী শিক্ষক অগ্নিদগ্ধ হবার ঘটনায় বিএনপি-জামাত সন্ত্রাসীদের দায়ী করে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, তাঁর সরকার এ ধরনের ঘটনা আর সহ্য করবে না এবং প্রয়োজনে এ ধরনের হত্যাকা- বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের এ ধরনের অপরাধের নিন্দা জানানোর ভাষা আমার নেই। নোয়াখালীতে স্কুল শিক্ষকের মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামাতই দায়ী।
তিনি এ ধরনের অপরাধ করা থেকে বিরত থাকতে বিএনপি-জামাতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর সহ্য করব না এবং এ ধরনের অপরাধ বন্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় প্রধানমন্ত্রী নতুন বছরের শুরুতে জুনিয়র ও প্রাথমিকের পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, সময় মতো বই ছাপানো, স্কুলে স্কুলে বই পৌঁছে দেয়া এবং বিতরণ কঠিন কাজ তবে ইচ্ছা থাকলে তা করা সম্ভব।
অনুষ্ঠানে বই উৎসবেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ বছর সারাদেশের শিক্ষার্থীদের মাঝে ৩২ কোটি, ৬৩ লাখ, ৪৭ হাজার ৯২৩টি বই বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে। পৃথিবীর কোনো দেশ এটা কল্পনাও করতে পারবে না।
এদিন বই উৎসবের উদ্বোধন হলেও নতুন বছরের প্রথম দিন স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে এ বই।
তিনি বলেন, শিক্ষার জন্য যে ব্যয় করা হয়েছে এটা আসলে বিনিয়োগ। শিক্ষিত জাতি ছাড়া দারিদ্রমুক্ত দেশ গড়া সম্ভব নয়।
দুই সমাপনী পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে তাদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
এবছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭. ৯২% ও ইবতেদায়ীতে ৯৫. ৯৮% শিক্ষার্থী পাস করেছে।
এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন। আর ইবতেদায়ীতে ৬ হাজার ৫৪১ জন।
অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষায় এবার পাস করেছে ৯০.৪১% শিক্ষর্থী।
এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে জেএসসিতে ৮৯.৮৫% এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৯৩.৫০% শিক্ষার্থী পাস করেছে। জেএসসি-জেডিসি মিলিয়ে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩৫ জন।