অপকর্মের দায়ভার সরকারের উপরে চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করছে বিএনপি— এতে কোনো লাভ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। মঙ্গলবার কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে ক্যান্সারসহ দূরারোগ্য ব্যাধীতে আক্রান্তদের চেক প্রদান শেষে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, হরতালের নামে রাজনীতির কর্মসূচির নাম করে যদি ধ্বংসাত্মক কাজ করে জ্বালাও-পোড়াও ভাঙচুর করেন তাহলে সরকার আইনগত ব্যবস্থা নেবে। ইতিমধ্যে সন্ত্রাসী ও নাশকতা মূলক কর্মকাণ্ডের জন্য বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, যারা নাশকতা মূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত তারা যে পর্যায়ের নেতাই হোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্যে করে হানিফ বলেন, আপনারা যেভাবে মিথ্যাচার করে আসছেন আমার মনে হয় বাংলাদেশে এমন মিথ্যাচার আর কখনও কেউ দেখেনি। সোমবারের হরতালে নোয়াখালীতে পিকেটারদের ইটের আঘাতে এক স্কুল শিক্ষিকা নিহত হল আর এ সব ঘটনাগুলোতে তাদের দায় এড়িয়ে যাবার জন্য মিথ্যাচার করে সরকারের উপর চাপিয়ে দিলেন।
এ সময় কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল গনি, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর কমিটির সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।