পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন একেএম শহিদুল হক আর র্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র্যাব) মহাপরিচালক হচ্ছেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এ নিয়োগের কথা জানানো হয়েছে।
সিআইডির প্রধান মোখলেসুর রহমানকে একইপদ দিয়ে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া, ডিএমপি কমিশনার পদে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান মিয়া। তাদের নিয়োগ পত্রে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন।
১ জানুয়ারি থেকে তাদের নিয়োগ কার্যকর হবে। আগামীকাল ৩১ ডিসেম্বর পুলিশের বর্তমান মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও র্যাবে মহাপরিচালক মোখলেছুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে।
২০১০ সালের ৩০ আগস্ট আইজি হাসান মাহমুদ খন্দকার নিয়োগ পান। এরপর থেকে টানা ৪ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন তিনি।