পুলিশ ও জনগণকে একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়ে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, পরস্পরের প্রতি দৃষ্টিভঙ্গী ও দূরত্ব ঘোচাতে পারলেই গণমুখী পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব। বুধবার ঢাকায় পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় সহকর্মীদের একতাবদ্ধ থেকে দেশের জন্য কাজ করারও আহ্বান জানান তিনি।
এর আগে পুলিশের নবনিযুক্ত ও বিদায়ী মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও হাসান মাহমুদ খন্দকারকে সংবর্ধনা উপলক্ষে সদরদপ্তরে নানা আনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তাদের উভয়কে গার্ড অব অনার প্রদান শেষে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ কর্মকর্তারা।
এদিকে, রাজাধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) সদর দপ্তরে বিদায়ী মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, র্যাবের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট নেই। র্যাবকে আরো আধুনিকায়ন করা প্রয়োজন।
মানবাধিকার সংগঠনের সমালোচনা করে তিনি বলেন, র্যাব মানবাধিকার ভঙ্গ করে না বরং মানবাধিকার রক্ষায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। বিগত বছরগুলোতে মাদক ও অস্ত্র উদ্ধারে র্যাবের ভূমিকা তুলে ধরে তদন্ত ও অপরাধ দমনে র্যাবকে আরো বেশি আধুনিকায়ন করতে হবে।
পরে র্যাবের সদরপ্তরে গার্ড অব অনার ও সংবর্ধনা দেয়া হয় র্যাবের বিদায়ী মহাপরিচালক মোখলেছুর রহমানকে।